ছাগলকে ঘাস খাওয়ানো নিয়ে বিবাদ, বৈঠকে মারধরে নিহত ১

আপডেট : ১৯ মে ২০২৬, ১১:০৫ এএম

বগুড়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলার ঘটনায় মো. মানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের বাঙালি বাজারে সোমবার (১৮ মে) রাতে হামলার ঘটনা ঘটে।

নিহত মো. মানিক (৫০) ওই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। অভিযুক্ত মো. কাকরুল (২৮) উপজেলার তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে গুনাহার ইউনিয়নের ঝাঝিরা বাঙালি বাজারে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে তুচ্ছ ঘটনার জেরে বিবাদী মো.কাকরুল ক্ষিপ্ত হয়ে লোহার স্টিক দিয়ে মানিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত