পারিবারিক সহিংসতার একটি মামলার আসামির জামিনের তদবির করতে বিচারকের খাস কামরায় যান চট্টগ্রাম মহানগর পুলিশের এক কনস্টেবল। সঙ্গে নিয়ে যান টাকার বান্ডিল। এতে বিচারক তার ওপর প্রচণ্ড চটে যান।
এক পর্যায়ে তাকে খাস কামরায় আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। এরপর বিচারককে ঘুষ সাধার অভিযোগে ওই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করে কর্তৃপক্ষ।
আজ বুধবার(১৬ আগস্ট) সকালে চট্টগ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হলেন দুলাল মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর দেশ রূপান্তরকে জানান, পারিবারিক সহিংসতার একটি মামলার নথি নিয়ে বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের খাস কামরায় যান পুলিশ কনস্টেবল দুলাল মিয়া। এ সময় তিনি নথির সঙ্গে টাকার বান্ডিল দিয়ে আসামির জামিনের জন্য বিচারকের কাছে তদবির করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক তাকে আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। পরে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
কনস্টেবল মো. দুলাল মিয়া চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কর্মরত ছিলেন।