সরকারি কর্মচারীদের সশস্ত্র করছে মিয়ানমার জান্তা

সরকারি বেসামরিক কর্মচারীদের হাতেও অস্ত্র তুলে দিচ্ছে মিয়ানমারের জান্তা। এ লক্ষ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশে সরকারি কর্মচারীদের তালিকাও তৈরি করছে দেশটি। মূলত তথাকথিত পিপলস মিলিশিয়া বা জনগণের মিলিশিয়া গঠনের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জান্তা। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকার তথাকথিত জনগণের মিলিশিয়া গঠনের জন্য দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশে সরকারি কর্মচারীদের তালিকা তৈরি করছে। স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কর্মরত কর্মচারীরাও এ তালিকায় আছেন। ইরাবতি আরও জানায়, শান প্রদেশের নিরাপত্তা ও সীমান্তবিষয়ক মন্ত্রী কর্নেল সিন উইনের আদেশে ১৭ আগস্টের মধ্যে এ অঞ্চলের তালিকা করার আহ্বান জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের কর্মীসহ বেসামরিক কর্মচারীদের সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনে সহায়ক বাহিনী হিসেবে ব্যবহার করা হবে এবং মিলিশিয়া ব্যাটালিয়নের আকার অনুযায়ী দায়িত্ব বরাদ্দ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি জান্তা সূত্র জানায়, এ প্রদেশে সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কর্মচারীদের মিলিশিয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা।’