আজ শুরু হচ্ছে আট বোর্ডের এইচএসসি পরীক্ষা

আট সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আজ বৃহস্পতিবার। তবে বন্যার কারণে বাকি তিন শিক্ষা বোর্ডের প্রথম চারটি পরীক্ষা পিছিয়ে সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। ফলে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে ২৭ আগস্ট।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থীর। আজ আট বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবে। বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে এসব বোর্ডে শুরু হচ্ছে প্রথম দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা হবে।

এবার আইসিটি ছাড়া অন্যসব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে। শুধু আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা উপলক্ষে গত ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া প্রথম চার বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া আলিমের প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময় ১৭, ১৯, ২১, ২৪ সেপ্টেম্বর। এই বোর্ডের অধীন একাদশ-দ্বাদশের ডিপ্লোমা ইন কমার্সের স্থগিত হওয়া প্রথম চার বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময় ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।