নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন : রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে।

গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, পরিকল্পনামন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। একইভাবে বাংলাদেশের নির্বাচনের বিষয়েও কোনো হস্তক্ষেপ করা হবে না। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সবরকম সহযোগিতা করবে চীন। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।

বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চীন চিন্তিত নয় উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, পদ্মা সেতুর কারণে সংযোগের উন্নতি হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে প্রকল্পে আরও বিনিয়োগ করতে চায় চীন। তিনি বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা স্থাপনে আগ্রহী বলেও জানান তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পে জড়িত বাংলাদেশিদের প্রশিক্ষণ দিতে চীন আগ্রহী।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বন্ধু হিসেবে বিবেচনা করে। অবকাঠামো খাতসহ অনেক ক্ষেত্রেই তারা অভিজ্ঞ। তারা আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের। রাষ্ট্রদূতের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একই সঙ্গে , বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের।