পটিয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে পটিয়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌকি এলাকার ঈদগাহ মাঠের পাশে পদ্ম পুকুরে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত দুই বোন হলেন রুমা আকতার (৮) ও সুবর্না আকতার সোমা (৭)। তারা কুমিল্লা জেলার কচুয়া থানার দৌলতপুর এলাকার সেলিম উদ্দিনের মেয়ে। নিহত দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে পটিয়ায় ভাড়া বাসায় থাকতেন।

একই সময়ে ওই পুকুরে শান্তা আক্তার (৪) নামের আরেক শিশু গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন বলে শিশুটির পিতা শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। শিশুটিও তার বাবা মায়ের সঙ্গে তালতলা চৌকি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সিচে বাজার এলাকায়।

নিহতদের বড় বোন সুমি আকতার বলেন, প্রতিদিনের মতো আমার ছোট দুই বোন তালতলা চৌকি পদ্ম পুকুরে গোসল করতে যায়। তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। গোসল করতে যাওয়ার পর ঘণ্টাখানেক ধরে বাসায় ফিরে না আসায় আমরা পুকুরে খোঁজ করতে থাকি। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা ছয় বোনের মধ্যে তারা দুইজন সবার ছোট।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া আয়েশা ফারজানা বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পানিতে ডুবে যাওয়া দুই মেয়ে শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তাদের স্বজনরা। এ সময় শিশু দুটিকে দেখার পর মৃত ঘোষণা করা হয়।