আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনের পরীক্ষায় ৫ হাজার ৫২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া রাজশাহী বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন ও দিনাজপুর বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষার দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানান।
বাংলা প্রথমপত্রে ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৯৩১ জন। অন্যদিকে, দিনাজপুর বোর্ডে ৭৩৩ জন, কুমিল্লা বোর্ডে ৬৫৫ জন, যশোরে ৬২৪ জন, সিলেটে ৪০৭ জন, বরিশালে ৩৮০ জন, ময়মনসিংহে ৩৫৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এদিকে, ৮ বোর্ডের অধীনে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এসব কেন্দ্রে আজ পরীক্ষা দেওয়ার কথা ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থীর। এর মধ্যে অংশ নিয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন। আর অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ জন, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৮ শতাংশ। অনুপস্থিতির এ হারের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সন্তোষকজনক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিলেন।
এদিকে, বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেয়ার প্রেক্ষিতে তিন বোর্ডের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।