এক মাসের ব্যবধানে লেনদেন হাজার কোটি টাকা থেকে ৩০০ কোটির নিচে নেমে আসায় ক্রেতা সংকট দেখা দিয়েছে পুঁজিবাজারে। এতে করে ফ্লোর প্রাইসের মধ্যেও টানা দুদিন বড় দরপতনের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ব্যাংক, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপকসহ অংশীজনদের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা এসইসির শীর্ষ কর্মকর্তারা। গতকাল এসইসিতে অনুষ্ঠিত একাধিক সভায় এমন আহ্বান জানান তারা।
গতকাল এসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে অ্যাসেট ম্যানেজার এবং ফান্ড ম্যানেজারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসইসির কমিশনার ড. মিজানুর রহমান ফান্ড ম্যানেজার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করে এবং সুষ্ঠু প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন।
আলোচনায় অ্যাসেট ম্যানেজার এবং ফান্ড ম্যানেজারদের শীর্ষ কর্মকর্তারা পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে নানা পদক্ষেপ ও কার্যক্রমের অনুরোধ জানান। দেশের পুঁজিবাজার এবং মিউচুয়াল ফান্ডের উন্নয়নে দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন তারা। আগামীতে দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে এসইসি ও অংশীজনের সঙ্গে মিলে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন সবাই।
এসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম নতুন ফান্ড গঠন, ফান্ডের আকার বাড়ানো, আন্ডারলাইং অ্যাসেট বাড়ানো, সচেতনতা বাড়ানো ইত্যাদির মাধ্যমে এ খাতের উন্নয়ন ঘটাতে সবাইকে সচেষ্ট হতে বলেন। এ খাতে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস বাড়াতে এসইসি কাজ করবে বলে জানান তিনি। সর্বোপরি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় স্ব স্ব অবস্থানে বিনিয়োগের সক্ষমতা অনুযায়ী বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানান।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বন্ড মার্কেট ও পুঁজিবাজারের উন্নয়নে করণীয় সংক্রান্ত অন্য এক সভায় বাংলাদেশের পুঁজিবাজারে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল বন্ড মার্কেট গড়ে তোলার জন্য করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান, সিটি ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় এসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ পুঁজিবাজারের বর্তমান অবস্থার বিবেচনায় সবাইকে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় দেশের প্রাইভেট সেক্টর থেকে প্রতি বছর ২৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ দরকার। তিনি আরও বলেন, বিশ্ব জুড়ে বন্ড মার্কেট দীর্ঘমেয়াদি অর্থায়নের জোগানে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের বাজারেও এর জন্য রয়েছে অনেক সুযোগ ও সম্ভাবনা। দেশের পুঁজিবাজারের উন্নয়নে বন্ড বাজারকে আরও টেকসই রূপ দেওয়া এবং বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
বন্ড ইস্যুর প্রক্রিয়ায় বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং এই প্রক্রিয়ার সহজীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও বন্ড মার্কেট জনপ্রিয় না হওয়ার পেছনের কারণ এবং বিদ্যামান সমস্যাগুলো সমাধানের বিষয়ে সভায় সবাই মতামত দেন। দেশের পুঁজিবাজারে শক্তিশালী বন্ডের বাজার প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের চিহ্নিত করে তাদের বন্ডের বিনিয়োগে আগ্রহী করতে হবে। এ ছাড়াও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের সুযোগ কাজে লাগাতে সচেতন ও আগ্রহী করতে কাজ করতে হবে বলে মতামত জানান আলোচকরা।