বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে ১৪ ঘণ্টা আটক

মাগুরায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার দশম শ্রেণিতে পড়–য়া ছেলেকে প্রায় ১৪ ঘণ্টা থানায় আটকে রাখার পর ছেড়ে দিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, বিএনপি নেতা বাবাকে ধরতে এসে না পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলা সদরে শ্রীপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করা হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এর প্রায় ১৪ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য পুলিশ বলছে, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতে উপজেলা সদরের একটি রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে ধরে আনা হয়।

তার বাবা শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বুধবার গভীর রাতে পুলিশ আমাকে বাড়িতে না পেয়ে ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। আমার নামে এক ডজনের বেশি মামলা আছে।’

জাহাঙ্গীর হোসেনের স্ত্রী লিজা পারভিন বলেন, ‘রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমাতে যাচ্ছিলাম। এমন সময় বাইরে থেকে কিছু লোক এসে দরজা খুলতে বলেন। তখন আমার স্বামী বাড়িতে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। পুলিশের ডাকাডাকিতে আমার শ্বশুর দরজা খোলেন। পরে পুলিশ স্বামীকে না পেয়ে আমার ছেলেকে নিয়ে যায়।’

তবে শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ‘এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের কাছে তথ্য ছিল এলাকায় কিছু ছেলে নেশা করে। তারা এলাকায় চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। সে কারণে তাকে (জাহাঙ্গীর হোসেনের ছেলে) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। যাচাই-বাছাই করে পরে ছেড়ে দেওয়া হয়েছে।’