উদ্বোধনের প্রথম চার দিনে সর্বজনীন পেনশনে ভালোই সাড়া মিলছে। গতকাল রবিবার রাত ৮টা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে মোট ৫০ হাজারের বেশি ব্যক্তি নিবন্ধন করেছেন। এরই মধ্যে সাড়ে পাঁচ হাজার ব্যক্তি পেনশনের প্রথম কিস্তি জমাও দিয়েছেন। যার পরিমাণ প্রায় পৌনে তিন কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, ‘পেনশন গ্রহণে মানুষের বেশ সাড়া মিলছে। রবিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৫ হাজার ৪৭৫ জন চাঁদা জমা দিয়েছেন। জমা হওয়া চাঁদার পরিমাণ দুই কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, চতুর্থ দিন বিকেল পর্যন্ত ৫০ হাজার ছাড়িয়েছে। যা তৃতীয় দিন শেষে ছিল ৪০ হাজার। সে হিসাবে চতুর্থ দিনে ১০ হাজারের বেশি আবেদন পড়েছে। এছাড়া ১ হাজার ১৫০ জন চাঁদা দিয়েছেন।
তবে পেনশন কর্তৃপক্ষ মনে করে কতজন আবেদন করেছেন সেটা বড় কথা নয়। বরং কত জন মানুষ পেনশন সুবিধা বা স্কিম গ্রহণ করেছেন সেটাই বড় কথা। কারণ তাদের টাকাই সরকারি হিসাবে জমা হচ্ছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। প্রতিটি মানুষ চাইলে পেনশনের আওতায় আসতে পারবেন। এত দিন যা শুধু সরকারি ও স্বায়ত্তশাসতি প্রতিষ্ঠান এবং হাতেগোনা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভোগ করতেন। পেনশনের আওতায় আসতে করতে হবে নিবন্ধন ও আবেদন। এর জন্য কিছু নিয়মকানুন ও নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। এজন্য অনলাইন সিস্টেম ২৪ ঘণ্টাই খোলা রয়েছে।