দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে দ্বিতীয় জাতীয় এসডিজি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করা হয়।
কর্মপরিকল্পনা বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের সম্মানিত সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এসডিজি বাস্তবায়নে নেতৃত্বদানকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগ থেকে জিইডি নির্ধারিত ফরম্যাটে মতামত নিয়ে এ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলো গৃহীতব্য প্রকল্প, কর্মসূচি ও কার্যক্রমগুলো এ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরবর্তী সময়ে এসডিজি বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সম্ভাব্য উন্নয়ন কার্যক্রমগুলো কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করতে মন্ত্রণালয় ও বিভাগগুলো যেসব নতুন আইন, নীতিপ্রণয়ন ও সংস্কার করব তার তথ্যও এ কর্মপরিকল্পনায় তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়, বিভাগ এবং পরিকল্পনা কমিশন কর্তৃক সঠিক প্রকল্প গ্রহণ এবং যাচাই-বাছাইকালে এ কর্মপরিকল্পনা সহায়ক ভূমিকা পালন করবে। মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রকল্প গ্রহণকালে এ কর্মপরিকল্পনায় উল্লিখিত প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেবে।