বর্ষায় চামড়ার জুতা ও ব্যাগের যত্ন

বর্ষার সময় চামড়ার ব্যাগ ও জুতার যত্নে একটু বেশিই মনোযোগ দিতে হয়। কারণ এ সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছত্রাকের আশঙ্কা থাকে। তাই ব্যাগ ও জুতার যত্ন কী করবেন জেনে নিন।

দোকানে চামড়ার জিনিস পরিষ্কার করার আলাদা ক্লিনার পাওয়া যায়। একে ‘সফট সোপ’ বলে। এই ক্লিনার দিয়েই লেদারের ব্যাগ বা জুতা পরিষ্কার করতে পারেন। প্রথমে ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভেজা তুলা দিয়ে তা মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনোভাবে সাবান না লেগে থাকে। বর্ষায় এভাবে একবার পরিষ্কার করবেন। পারলে কিছু সময়ের জন্য একটু রোদেও দিতে পারেন। কখনই চামড়ার জিনিস অ্যালকোহল বা স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। এতে রং নষ্ট হয়ে যায়।

যখন দেখবেন বেশ কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে। তখন বৃষ্টি কমে গেলে চামড়ার জুতা ও ব্যাগ শু-র‌্যাক ও আলমারি থেকে বের করে আলো-হাওয়াপূর্ণ জায়গায়  কিছুক্ষণ রেখে দিন। যদি ড্যামভাব থাকে তাহলে চলে যাবে।  চামড়ার জিনিসের জন্য আলাদা শাইনার পাওয়া যায়। উজ্জ্বলতা বাড়াতে শাইনার বেশ কার্যকরী। প্রয়োজনে ব্যবহার করতে পারেন।

অনেকে চামড়ার জিনিসকে উজ্জ্বল করার জন্য তেল ও কন্ডিশনার ব্যবহার করেন। এতে সাময়িক জেল্লা আনলেও ব্যাগের রঙের ক্ষতি করে। উজ্জ্বলতা কমে যায়। বৃষ্টির সময় চামড়ার ব্যাগ বা জুতা ব্যবহার না করাই ভালো। পানি লেগে গেলে সরাসরি তাপে শুকাতে দেবেন না। চামড়ার জিনিস কখনো ভাঁজ করে রাখবেন না। ব্যাগ ফাঁকা থাকলে তার মধ্যে খবরের কাগজ বা বাবল র‍্যাপ, নিদেন পক্ষে পুরনো জামাকাপড় ভরে রাখুন। এতে ব্যাগের আকার অটুট থাকবে।

চামড়ার জিনিস হেয়ার স্প্রে, হেয়ার কালার সলিউশনের থেকে দূরে রাখুন। এতে স্পিরিট জাতীয় কেমিক্যাল থাকে, যা চামড়ার রং নষ্ট করে দেয়। ব্যাগে বা জুতায় কোনো রকমের দাগ দেখলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিন। চামড়ার জিনিস ব্যবহার করার সময় নিজের হাতও পরিষ্কার রাখুন। হাতে কোনো ময়লা বা তেল যেন না লেগে থাকে।