বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক বিপ মেসেঞ্জারের সঙ্গে একটি এক্সক্লুসিভ পার্টনারশিপ ঘোষণা করেছে। এই পার্টনারশিপের আওতায় বাংলালিংক বিপের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে দেশব্যাপী এর ব্র্যান্ডিং, মার্কেটিং এবং প্রমোশনে সহযোগিতা করবে। এ ছাড়া বাংলালিংকের চার কোটি গ্রাহকের জন্য থাকবে বিপের বিশেষ ডেটা বান্ডেল।
১৯২টি দেশে ব্যবহারকারীরা বিপ মেসেঞ্জার উপভোগ করছেন। তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে এটি একটি সহজে ব্যবহারযোগ্য অ্যাপ। এতে রয়েছে দ্রুত ও নিরাপদ এনক্রিপটেড মেসেজিং, এইচডি মানের ভয়েস ও ভিডিও কল, ১০৬টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদসহ আরও বিভিন্ন সুবিধা। গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোর থেকে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজে এটি ডাউনলোড করতে পারবেন। বিপ মেসেঞ্জারের ওয়েব ভার্সন ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন কম্পিউটার এবং ল্যাপটপে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। প্রতি মাসে বাংলালিংক গ্রাহকরা বিপ ব্যবহার করার জন্য এক জিবি ফ্রি ইন্টারনেটও উপভোগ করতে পারবেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও বিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানটিতে ভিওন গ্রুপের গ্রুপ সিইও কান তেরজিওগ্লুসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি