পাহাড় জঙ্গল জলাশয় সাবাড়

চট্টগ্রাম মহানগরীর জাকির হোসেন রোডের উভয় পাশেই পাহাড় ছিল। নব্বইয়ের দশকে দিনের বেলায়ও এ রোড দিয়ে চলতে ভয় পেত মানুষ। সরকারি মহিলা কলেজের উল্টো পাশে নাসিরাবাদ প্রপার্টিজ নামে আবাসিক এলাকা গড়ে উঠলেও আগে পুরোটা পাহাড়ি এলাকা ছিল। দক্ষিণ খুলশী, পাহাড়িকা আবাসিক এলাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ভিআইপি আবাসিক এলাকা সব হয়েছে পাহাড়-জঙ্গল কেটে। পুকুর-দীঘি-জলাশয়, খেলার মাঠ, কৃষিজমি ভরাট করেও উঠেছে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক জি এন তানজিনা হাসনাত ও একই বিভাগের মোহাম্মদ আলী বাবু ‘আরবান ল্যান্ডস্কেপ চেঞ্জ ডিটেকশন ইউজিং জিআইএস অ্যান্ড আর এস’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেন ২০২২ সালে। তাতে বলা হয়েছে, গত ৩০ বছরে চট্টগ্রামে পাহাড়-জঙ্গলের সবুজ কমেছে ২১ দশমিক ৮২ শতাংশ আর পুকুর-জলাশয় কমেছে ৮ দশমিক ৩৭ শতাংশ। ১৯৯০ সালে নগরীর মাত্র ১৯ শতাংশ এলাকায় বসতি থাকলেও এখন ৪৫ শতাংশ এলাকায় বিস্তৃত হয়েছে।

সারা দেশের ভৌগোলিক পরিবর্তনের বিভিন্ন মানচিত্রের গবেষণা করে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নূর হোসাইন শরীফ দেশ রূপান্তরকে বলেন, ‘উন্নয়ন ও সবুজায়ন সাংঘর্ষিক। তার পরও উন্নয়ন চালিয়ে যেতে হবে। উন্নয়ন প্রকল্পের কারণেই সবুজ কমছে। এ চিত্র সারা বিশে^ই; কোথাও কম, কোথাও বেশি। এতে বাড়ছে উষ্ণতা।’

আবাসনে বিলীন পাহাড় গাছ পানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল বলেন, ‘চট্টগ্রাম শহরে স্থাপনার (আবাসিক ও বাণিজ্যিক) সংখ্যা বাড়ছে। পতিত জমি, সবুজাচ্ছাদিত ভূমি ও জলাশয় ভরাট হচ্ছে। একদিকে বাড়ছে আবাসন, অন্যদিকে কমছে সবুজ।’

নিজেদের গবেষণার একটি মানচিত্র দেখিয়ে তিনি বলেন, ‘স্যাটেলাইটের উপাত্তে দেখা যায়, নগরীর যেসব এলাকায় আগে পাহাড় ছিল, সেখানে এখন বসতি। আগে যেখানে পুকুর বা জলাশয় ছিল, এখন সেগুলো ভরাট হয়ে গড়ে উঠেছে স্থাপনা।’

অধ্যাপক জি এন তানজিনা হাসনাত বলেন, ‘শহরমুখো মানুষের আবাসনের চাহিদা মেটাতে বিলীন হচ্ছে চট্টগ্রামের পাহাড়, জলাশয় ও খোলামাঠ। নগরীর প্রান্তীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।’

৪০ বছরে সাবাড় ১২০ পাহাড়

গত বছরের ৩০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক খালেদ মিসবাহ উজ্জামান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার এক সেমিনারে ‘হিল কাটিং ইন চিটাগাং সিটি’ প্রবন্ধে উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরীতে গত ৪০ বছরে হারিয়ে গেছে ১২০টি পাহাড়। একটি মাত্র সড়ক নির্মাণেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কেটে ফেলেছে ১৬টি পাহাড়। সবচেয়ে বেশি পাহাড় বিনষ্ট হয়েছে আবাসিক এলাকা নির্মাণে। এক-দুই বছরে নয়, অনেক বছরে পর্যায়ক্রমে। অবশিষ্টগুলোও সাবাড় হওয়ার পথে। সম্প্রতি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান বলেন, ‘জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় চট্টগ্রামের পাহাড় সাবাড় হচ্ছে।’

পশ্চিম খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটির উত্তরে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার পরের জায়গাটি সমতল হয়ে গেছে। সেখানে প্লট বিক্রি হচ্ছে। পাঁচ বছর আগেও এখানে পাহাড় ছিল। ২০১৮ সালেও এখানে পাহাড়ের ঢালে ছড়া প্রবাহিত ছিল। এখন সেখানে কংক্রিটের রাস্তা। পাহাড়ের দিকে আরও প্রায় দেড় কিলোমিটার এলাকায় যাওয়া যায় সে রাস্তা ধরে। উভয় পাশের পাহাড়গুলো আগের অবস্থায় নেই। স্থানীয় এক দোকানি বলেন, ‘এলাকাটি প্রধান সড়ক থেকে তিন-চার কিলোমিটার ভেতরে। তাই প্রশাসনের কেউ আসে না। মোড়ে মোড়ে পাহারাদার বসিয়ে ভেতরে চলে পাহাড় কাটা।’

জাকির হোসেন রোডে খুলশী থানার বিপরীতে জাকির হোসেনের বাংলোর চারপাশে পাহাড় ছিল। এখন সেখানে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে জাকির হোসেন সোসাইটি। সোসাইটির পশ্চিম পাশে নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি ও ডিজেল কলোনি। নিউ ঝাউতলার ২৩ নম্বর ভবনে ১৯৮৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বসবাস করেছেন আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘যখন এ কলোনিতে বাসা বরাদ্দ পাই, তখন জানালা দিয়ে জাকির হোসেনের পাহাড় ও গাছ-গাছালি দেখা যেত। চোখের সামনে সেখানে একের পর এক ভবন উঠতে দেখলাম।’

জাকির হোসেন রোডের হলি ক্রিসেন্ট হাসপাতালের (বর্তমানে বন্ধ) পাশ দিয়ে দক্ষিণে হাতের বাম পাশে পাহাড়িকা আবাসিক এলাকা। সেখানকার পাহাড়ে এখন সুউচ্চ ভবনের ভিড়। আরও একটু দক্ষিণে বাম পাশের সড়ক দিয়ে দক্ষিণ খুলশী যাওয়া যায়। সড়কে ওঠার পথে বাম পাশে একটি উঁচু এবং অনেকগুলো মাঝারি পাহাড় ছিল। অনেক দূর থেকে বড় পাহাড়টি দেখা যেত। এর পাশেই একটি ভবনে ফ্ল্যাট কিনে বসবাস করছেন ব্যবসায়ী ফরিদ আহমেদ। তার মুখেও শোনা গেল এলাকাটির একসময়কার পাহাড়ি চিত্রের বর্ণনা।

একসময় সর্দার বাহাদুরনগর থেকে লালখান বাজারের বাঘঘোনায় আসার জন্য পাহাড়ের ভেতর দিয়ে হাঁটাপথ ছিল। পথের উভয় দিকেই ছিল পাহাড়। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে পাহাড়ের ঢাল থাকলেও ভেতরে কোনো পাহাড় নেই। সমান করে গড়ে তোলা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভিআইপি আবাসিক এলাকা।

জাকির হোসেন রোডে সরকারি মহিলা কলেজের বিপরীত দিকে নব্বইয়ের দশকেও পাহাড় ছিল। ২০১০ সালের পর এ এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণ শুরু হয়। এখনো চলছে। সিডিএ এ এলাকায় বহুতল ভবন নির্মাণের অনুমোদন না দিলেও ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালার পর পাহাড় কেটে ভবন নির্মাণের হিড়িক পড়ে।

এ ছাড়া, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের উল্টো পাশে রোজভ্যালি আবাসিক এলাকা, লেকভ্যালি আবাসিক এলাকা, ফয়’স লেকে চিড়িয়াখানার আগে আবদুল হামিদ সড়কের আবাসিক এলাকা, কৈবল্যধামের বিশ্বকলোনি, নন্দন হাউজিং, সিটি করপোরেশনের লেকসিটি আবাসিক এলাকা, বায়েজীদ চন্দ্রনগরসহ অনেক এলাকার পাহাড় কেটে আবাসন বিস্তৃত হয়েছে।

১৫ বছরে ভরাট ৩ হাজার পুকুর-জলাশয়

সিডিএর হিসাব মতেই, চট্টগ্রামে গত ১৫ বছরে হারিয়ে গেছে তিন হাজার পুকুর ও জলাশয়। ২০০৮ সালের ডিটেইলড এরিয়াপ্ল্যান (ড্যাপ) অনুযায়ী চট্টগ্রামে ৫ হাজার ৩১টি পুকুর ও জলাশয় ছিল। এখন নেমেছে প্রায় দুই হাজারে। সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্পের পরিচালক আবু ঈসা আনসারী দেশ রূপান্তরকে এমন তথ্য দেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ রাশেদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো নগরীর ৩০ থেকে ৩৫ শতাংশ জায়গায় খেলার মাঠ, পার্ক, উন্মুক্ত স্থান, পুকুর, দীঘি ও জলাশয় থাকা প্রয়োজন। আমাদের দেশের শহরগুলোতে এর অর্ধেকও নেই। ফলে নগরীতে বসবাসের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি বিভিন্ন ঝুঁকি বাড়ছে।’

একসময় বন্দরনগরীর পরীর পাহাড়ের নিচে বিশাল জলাধার ছিল। সেখানে গড়ে উঠেছে আজকের জহুর হকার্স মার্কেট। চকবাজার অলি খাঁ মসজিদের পাশে কমলদহ নামে যে বিশাল দীঘি ছিল সেটি ভরাট করে গড়ে উঠেছে কিশলয় কমিউনিটি সেন্টার। বহদ্দারহাট বাস টার্মিনাল নির্মাণের সময় ভরাট করা হয়েছে মাইল্যার দীঘি। আন্দরকিল্লায় রাজাপুকুর লেইন আছে; কুসুমবাগে আছে দেওয়ানজী পুকুর লেইন, কিন্তু পুকুর দুটি আর নেই। কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের পেছনে বিশাল কাট্টলী দীঘির ওপর গড়ে উঠেছে প্রশান্তি আবাসিক এলাকা।

নগরীতে আগে এলাকাভিত্তিক ছোট অনেক পুকুর ছিল, এখন ভরাট। পাহাড়তলী, হালিশহর, রামপুরা, পতেঙ্গা, চান্দগাঁও প্রভৃতি এলাকার প্রতিটি বাড়ির সঙ্গে পুুকুর ছিল, এখন নেই।

উধাও হচ্ছে খোলামাঠ

নগরীর খোলামাঠগুলোও ফুরানোর পথে। আউটার স্টেডিয়ামে মাঠের অর্ধেক দখল করে গড়ে উঠেছে স্থাপনা। ষোলশহরে বিপ্লব উদ্যান বিপন্ন করে গড়ে তোলা হয়েছে খাবারের দোকান। আগ্রাবাদে জাম্বুরি মাঠের অর্ধেক দখল করে হয়েছে শিশুপার্ক। আগ্রাবাদ সরকারি কলোনিতে একাধিক খেলার মাঠ ছিল, সেগুলোতে এখন গড়ে উঠছে বহুতল ভবন।

জলাধার, কৃষিজমিতেও আবাসন

বন্দরনগরীর প্রাকৃতিক জলাধার বাকলিয়া বগার বিল ভরাট করে বহুতল ভবন গড়ে তোলার হিড়িক পড়েছে। সিডিএ বাকলিয়ায় কর্ণফুলী নদীর তীরের কৃষিজমিতে কল্পলোক আবাসিক এলাকা প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায় নামে দুটো প্রকল্প নিয়েছে। অক্সিজেন-কুয়াইশ রোডে কৃষিজমি ভরাট করে অনন্যা আবাসিক এলাকা প্রকল্প নেয় সিডিএ। বর্ষাকালে এলাকাটি ছিল চান্দগাঁও, অক্সিজেন, কুয়াইশ, কালুরঘাট এলাকার প্রাকৃতিক জলাধার। বিবিরহাট সুন্নীয় মাদ্রাসার পেছনের এলাকায় এখন আবাসন গড়ে উঠছে। হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকার জায়গাটি ছিল কৃষিজমি এবং বর্ষায় প্রাকৃতিক জলাধার। হালিশহর থেকে পতেঙ্গা পর্যন্ত সাগর পাড়ে একসময় প্রচুর কৃষিজমি ছিল। এখন গড়ে উঠছে আবাসন ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।

পাহাড়-জঙ্গল-বনানী, পুকুর-দীঘি-জলাশয়, কৃষিভূমি-খোলা মাঠ কেন হারিয়ে গেল? জানতে চাইলে সিডিএর সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান বলেন, ‘এসব রক্ষার দায়িত্ব অবশ্যই আমাদের ছিল। কিন্তু আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় তা বিলীন হয়ে গেছে। ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান ১৯৯৯ সালে অনুমোদনের পর এক আদেশে অর্ধকাটা পাহাড়গুলোতে ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল ২০০১ সালের দিকে। সে সিদ্ধান্তে নগরীতে পাহাড় কাটার ধুম পড়ে যায়। ২০০৮ সালের ডিটেইলড এরিয়াপ্ল্যান প্রণয়ন এবং ২০০৮ সালের নতুন ইমারত নির্মাণ বিধিমালার আগ পর্যন্ত সাবাড় হয় অধিকাংশ পাহাড়।’