অপহরণ মামলায় রওশন কারাগারে

মৌলভীবাজারের জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার আসামি মো. রওশন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। এতে সহায়তা করেন জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রওশন মিয়া (৫৫)।

পরে ওই কিশোরীর চাচা ২৫ আগস্ট বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে নারী নির্যাতন ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রওশন মিয়াকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল বলেন, অপহরণ মামলার আসামি রওশনকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।