প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তরুণদের মধ্যে এই শিল্পীর চাহিদা ব্যাপক। তাইতো ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ কনসার্ট নিয়ে এরইমধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে পারফর্ম করবেন দর্শন রাওয়াল। টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। প্রি-রেজিস্ট্রেশনে ইতিমধ্যেই ধারণ ক্ষমতার বেশি আবেদন জমা পড়েছে! টিকিফাইয়ের সিইও আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাক-নিবন্ধে আবেদনের পরিমাণ আমাদের আয়োজিত ইভেন্টের ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি। তাই টিকিট লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রি হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক কোনো শিল্পী যখন আসেন, তখন অনেক কিছুতে সীমাবদ্ধতা থাকে। আর আমরা সাম্প্রতিক সময়ের সেরা একটি আয়োজন করতে চাই। তাই আমরা কোয়ালিটি নিশ্চিত করতেই টিকিটের মূল্য নির্ধারণ করেছি। আমরা চাই না কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটুক।’ তিনি আরও জানিয়েছেন, ‘পাঁচটি ক্যাটাগরির টিকিটের ব্যবস্থা রয়েছে, এর মধ্যে ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪৫০০ টাকা, স্প্রেড লাভ জোনে ৩ হাজার টাকা ও জেনারেল জোনে ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু দর্শনের। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তার। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।