মুন্সীগঞ্জের সিরাজদীখানের একটি আবাসন (হাউজিং) প্রকল্পে বৈদ্যুতিক খুঁটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের নিমতলা আবাসন প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে তুলা মিয়া (৪১) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলচত্র গ্রামের মৃত শীতল মিয়ার ছেলে মো. পলাশ (৪০)।
কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, প্রায় ৫ বছর ধরে নিমতলা হাউজিং প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন তুলা মিয়া ও পলাশ। বিকেলে এ প্রকল্পের ভেতর থাকা বৈদ্যুতিক খুঁটি পরিস্কার পরিচ্ছন্ন করছিল ওই দুই শ্রমিক। এক পর্যায়ে খুঁটির বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তারা দুজন মারা যান।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
এ বিষয়ে জানতে নিমতলা হাউজিং প্রকল্পের এমডি বাবুল মিয়ার মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি।