ফুচকা দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ, গ্রেপ্তার যুবক

চট্টগ্রাম নগরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিরাজ খলিফা (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) রাতে বন্দর থানার কলসিদীঘি পাড়ের মহসিন কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজ পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া থানার আবুল হোসেন খলিফার ছেলে।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, রবিবার (২৭ আগস্ট) বিকেলে, ছাদে গেলে ফুচকা দেওয়ার কথা বলে নিজের কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে মিরাজ। এ ঘটনা কাউকে না বলতে তাকে মানা করলেও পরে ওই শিশু তার মায়ের কাছে সবকিছু খুলে বলে।

এরপর মা ও স্থানীয়রা মিরাজকে ধরে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ওই শিশুর মা সাফিয়া আক্তার বাদি হয়ে বন্দর থানায় মিরাজকে একমাত্র আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে মিরাজ। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।