রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় নিহত হন। তার এ মৃত্যুর বিষয়টি ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রাশিয়া। প্রিগোজিন এক সময় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ লোক ছিলেন। কিন্তু দুই মাস আগে গত ২৩ জুন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ওই ঘটনায় একদিনের ব্যবধানে প্রিগোজিন পুতিনের ‘বন্ধু থেকে শত্রুতে’ পরিণত হন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। যদিও এসব দাবিকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে মস্কো। প্রিগোজিনের মরদেহ উদ্ধার ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর এখন তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি চলছে। অনেকেরই আগ্রহ ছিল, সাবেক ওয়াগনার প্রধানের শেষযাত্রায় পুতিন যোগ দেবেন কি না। তবে গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিনের যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এ ছাড়া এ ব্যাপারে তারা অবগতও নন। পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় পরিকল্পনার ব্যাপারে আমরা কিছু জানি না, এটি তার পরিবারের বিষয়।’