নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে কূটনীতিকদের সাক্ষাৎ। নির্বাচন সামনে রেখে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মাধ্যম থেকে আসছে বার্তা ও বিবৃতি। তারই অংশ হিসেবে আবারও দেশের নির্বাচন নিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে বার্তা দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া এ বার্তায় যুক্তরাষ্ট্র একটি ভিডিও ক্লিপ শেয়ার করে বলে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ!

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সফররত রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমগ্র বাংলাদেশের স্বার্থে সুস্থ, শান্তিপূর্ণ রাজনৈতিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাবকে উৎসাহিত করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

শেয়ার করা ভিডিও ক্লিপের ক্যাপশনে বলা হয় সফররত রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিরা সব রাজনৈতিক প্রচারণার জন্য সব দলকে সমান অধিকারের ওপর জোর দিয়েছেন।