মুলতানে পাহাড়সম ব্যবধানের জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম খেলেছেন ১৫১ রানের বিধ্বংসী এক ইনিংস। সঙ্গে তান্ডব চালিয়ে ইফতিখার আহমেদ করেন ১০৯ রান। প্রতিপক্ষ টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা নেপাল হলেও পাকিস্তান পেয়ে গেছে আত্মবিশ্বাসের রসদ। আর তাই তো ম্যাচ শেষে অধিনায়ক বাবর জানালেন, তারা ভারত ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
বাবর-ইফতির জোড়া সেঞ্চুরিতে ৩৪২ রান করে পাকিস্তান। তবে পাহাড়সম রানে বোঝা টানতে পারেনি হিমালয়ের দেশটির ক্রিকেটাররা। মাত্র ২৩.৪ ওভারেই তারা গুটিয়ে যায় ১০৪ রানে। শাদাব খানরা পান ২৩৮ রানের বড় জয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা তাদের তৃতীয় বৃহত্তম জয়।
ম্যাচ শেষে অধিনায়ক বাবর বলেছেন, ‘এই ম্যাচটি ভারতের বিপক্ষে খেলতে নামার আগে আমাদের প্রস্তুতি ছিল। যা আমাদের ভরপুর আত্মবিশ্বাস দিয়েছে। ভারত-পাকিস্তান লড়াই সবসময় তীব্র হয়ে থাকে। সেটাই আমরা চাই। আমার শতভাগ উজাড় করে দিয়ে ম্যাচটা জিতে নিতে চাই।’
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাইব্রিড মডেলের হওয়াতে ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে।