টুর্নামেন্টে দুবার চার শতাধিক রানের ইনিংস খেলা ভারতের ব্যাটিং ফাইনালে এসে চূড়ান্তরকম ব্যর্থ হয়েছে। সামির মিনহাসের ১৭২ রানে পাকিস্তান করেছিল ৩৪৭। সূর্যবংশী-আয়ুস মাত্রেরা সামিরের ইনিংসকেও ছুতে পারেনি। ১৫৬ রানে মুখ থুবড়ে পড়েছে। ১৯১ রানে ম্যাচ জিতে যুব এশিয়া কাপ জিতে নিলো পাকিস্তান। এই প্রথম এককভাবে যুব এশিয়া কাপ জিতলো তারা। এর আগে ২০১২ সালে ভারতের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
দুবাইয়ের ক্রিকেট অ্যাকাডেমি মাঠে পাকিস্তানের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ৪৯ রানে তারা হারায় ৩ উইকেট। এরমধ্যে তরুণ সেনসেশন সূর্যবংশী করেন ১০ বলে ২৬। এরপর আলি রেজা ও মোহাম্মদ সায়েমের দারুণ বোলিংয়ে ১০০ রানের আগে তাদের আরও ৪টি উইকেট হারায় ভারত। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন দীপেশ দেভেন্দ্রান। ১৯ রান করেছেন খিলান প্যাটেল। ভারতের আর কোনো ব্যাটারই বিশের কোটা পার হতে পারেননি। নতুন বলের বোলার আলী রাজা একাই চার উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান।
এর আগে ব্যাটিংয়ে আমন্ত্রিত পাকিস্তানকে বড় সংগ্রহের পথ দেখান ওপেনার সামির মিনহাস। ৭১ বলে সেঞ্চুরি করার মিনহাস ১৭ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১৭২ রান করেন শেষপর্যন্ত। সামির ছাড়া ৫৬ রানের ইনিংস খেলেছেন আহমেদ হুসাইন।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড ১৭৭ অপরাজিত ইনিংস খেলেছিলেন সামির। যদিও এরপর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৯ রান করে আউট হন। আরব আমিরাত এবং বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে ৪৪ এবং ৬৯* রান করে ঘুরে দাঁড়ান সামির। ফাইনালে তার ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন দীপেশ দেভেন্দ্রান। দুটি করে উইকেট পেয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল। বাকি একটি উইকেট নিয়েছেন কনিষ্ক চৌহান।
ভারত সফর করে মেসি কতো টাকা পেয়েছেন, জানা গেলো তদন্তে 