রাশিয়ার সামরিক বাহিনীর বহরে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ সক্রিয় করা হয়েছে। অর্থাৎ পারমাণাবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ‘এই অস্ত্রের কারণে রাশিয়ার শত্রুদের যেকোনো হুমকির ক্ষেত্রে দুবার ভাবতে হবে।’ রুশ মহাকাশ সংস্থার রসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছেন, সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধকালীন দায়িত্বে নিযুক্ত হয়েছে। সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়, আরএস-২৮ মডেলের ক্ষেপণাস্ত্রটি ১০ টন পর্যন্ত ওজনের একটি ওয়ারহেড উত্তর ও দক্ষিণ মেরুর যেকোনো স্থানে পৌঁছে দিতে সক্ষম।
গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছিলেন, খুব দ্রুত সময়ে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ক্ষেপণাস্ত্রটিকে ‘স্যাটান’ বা ‘শয়তান’ নামে অভিহিত করে থাকে। এ ক্ষেপণাস্ত্রটি খুবই কম সময়ের মধ্যে ছোড়া যায়। এ কারণে ক্ষেপণাস্ত্র শনাক্তের যেসব প্রযুক্তি বর্তমানে বিশ্বে রয়েছে, সেগুলো এটি শনাক্ত করতে হিমশিম খাবে।