বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বাপা ঐক্য পরিষদ। গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিজ ক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের ১৫ প্রার্থীর সবাই জয়ী হয়েছেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীসহ প্রার্থী ছিলেন ৩২ জন। অন্য প্যানেল সর্বজনীন ব্যবসায়ী পরিষদের কেউ বিজয়ী হননি।
জানা গেছে, আগামীকাল সোমবার বিজয়ী প্রার্থীদের ভোটের মাধ্যমে বাপার কার্যনির্বাহী কমিটির ২০২৩-২৫ মেয়াদের পাঁচটি পদ নির্ধারণ হবে। এ পদগুলো হলো সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। এ ছাড়া নির্বাচিত বাকি দশজন হবেন কার্যনির্বাহী কমিটির সদস্য।
এবার দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী বাপা ঐক্য পরিষদের নেতৃত্বে রয়েছেন এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।