এক মাস পর ৬০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন

বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইসে থাকার মধ্যেই দেশের পুঁজিবাজার পরিস্থিতির খানিকটা উন্নতি দেখা গেছে। এক মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে বরাবরের মতো বীমা এবং খাদ্য ও অনুষঙ্গ খাতের অল্প কিছু শেয়ারের অবদানই এতে বেশি। গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৩৩২ কোম্পানির ৬১০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন তালিকার শীর্ষ ২০ শেয়ারেই কেনাবেচা হয়েছে ৩৬০ কোটি টাকার শেয়ার, যা মোট লেনদেনের প্রায় ৫৯ শতাংশ।

শুধু গতকাল নয়, সাম্প্রতিক সময়ের লেনদেনে এমন ধারাই এখন নিয়মিত দেখা যাচ্ছে। যেমন গত বৃহস্পতিবারের ৪৫৬ কোটি টাকার শেয়ার লেনদেনে শীর্ষ ২০ শেয়ারের লেনদেন ছিল মোট ৬৩ দশমিক ৯৫ শতাংশ। গত সপ্তাহের রবি থেকে বুধবার পর্যন্ত এ হার ছিল যথাক্রমে ৬০ দশমিক ৫২ শতাংশ, ৫২ শতাংশ, ৫৯ দশমিক ৮৪ শতাংশ এবং ৬১ শতাংশ।

বিভিন্ন ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা জানান, হাতে গোনা কয়েকটি শেয়ারের বাইরে বিনিয়োগকারীদের পছন্দ করার মতো শেয়ার নেই। কারণ তালিকাভুক্ত ৩৯২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের প্রায় ৬০ শতাংশ ফ্লোর প্রাইসে পড়ে আছে এবং এসব শেয়ারের ক্রেতা নেই। ফলে ঘুরেফিরে কিছু শেয়ারই লেনদেনের শীর্ষে থাকছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে লেনদেনের শীর্ষে অবস্থান করছে রুগ্্ণ কোম্পানি ফু-ওয়াং ফুডস। গতকাল শুধু ডিএসইতে ফু-ওয়াং ফুডসের ৫৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সোয়া ৯ শতাংশ। সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ফ্লোর প্রাইসের ওপরে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ১২২ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৭৫টির দর। ক্রেতার অভাবে ৬০টির লেনদেন হয়নি। বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬৩১১ পয়েন্ট ছাড়িয়েছে।‘