বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে জেন্ডার ও ভাইটাল স্ট্যাটিসটিকসের আঞ্চলিক তথ্য নিশ্চিত করা হবে। এর মাধ্যমে বিবিএসের আর্থিক ও প্রযুুক্তিগত তথ্য আরও শক্তিশালী হবে। এজন্য বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম (বিজিআইএসপি) প্রকল্পে ১০ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেবে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)। গতকাল রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ইউএনএফপিএর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম (বিজিআইএসপি) শীর্ষক এ প্রকল্পে ইউএনএফপিএর অনুদান থাকবে ১০ কোটি ৯০ লাখ টাকা, আর সরকারের অর্থায়ন থাকবে ১ কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পে মোট ব্যয় হবে ১২ কোটি ১৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হবে চার বছরে।