ইসরায়েলে সহিংস বিক্ষোভ, দাঙ্গা বাধিয়ে আলোচনার জন্ম দিয়েছে দেশটিতে আশ্রয় নেওয়া আফ্রিকান দেশ ইরিত্রিয়ার ইহুদি জনগোষ্ঠীর লোকজন। ইরিত্রিয়ার সরকারপন্থি ও সরকারবিরোধী এবং ইসরায়েলি পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় দক্ষিণ তেল আবিব। গতকাল সোমবার রয়টার্স জানায়, ইসরায়েলে ইরিত্রিয়ার শরণার্থীদের সংঘর্ষের ঘটনায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজনে আশ্রয়প্রার্থীদের বের করে দেওয়ার হুমকি দেন তিনি। নেতানিয়াহু বলেন, অনুপ্রবেশকারীদের বিষয়ে আরও সতর্ক হবে ইসরায়েল। ইরিত্রিয়ার শাসকশ্রেণির প্রতি সমর্থনকারীদের তেল আবিবে আশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়ে দেন। সহিংসতাকারীদের দাঙ্গাবাজ হিসেবে আখ্যা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত শনিবার ইরিত্রিয়ার রেভল্যুশন ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেল আবিবে। সেই আয়োজনের বিরোধিতা করে অনুষ্ঠান বাতিল করতে পুলিশের কাছে অনুরোধ করে ইরিত্রিয়ার সরকারবিরোধীরা। এরপর ইরিত্রিয়া সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষ।