বিধানসভায় পাস

পহেলা বৈশাখে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস

পহেলা বৈশাখকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে স্বীকৃতি দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ সম্পর্কে তৃণমূল পরিষদীয় দলের আনা প্রস্তাব গতকাল বৃহস্পতিবার পাস হয় বিধানসভায়। প্রস্তাবের পক্ষে পড়ে ১৬৭টি ভোট। বিপক্ষে ৬২টি ভোট। যদিও ভোটাভুটির পরই বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। প্রস্তাব পাস হওয়ায় প্রতি বছর বাংলা বছরের শুরুর দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ‘বাংলা দিবস’ নামে পালন করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের জন্য ২০ জুনকে নির্ধারিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র সরকার। রাজ্যকে উপেক্ষা করে কেন্দ্রের বিজ্ঞপ্তি প্রকাশের পরই বাংলার প্রতিষ্ঠা দিবস ঠিক করতে তৎপর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্যের সচিবালয় নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মমতা। তিনি বলেন, ‘ওই বৈঠকে তিনটি নাম উঠে আসে। তবে ৯৯ শতাংশ ১ বৈশাখের কথা বলেছিলেন। কারণ পহেলা বৈশাখের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ।’