ওয়ালটনের মুনাফা কমেছে ৩৫%

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মুনাফা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সদ্য শেষ হওয়া ২০২২-২৩ হিসাববছরে কোম্পানিটির নিট মুনাফা ৩৫ শতাংশের বেশি কমেছে। এ সময় ওয়ালটনের নিট মুনাফা হয়েছে ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের হিসাববছরে ছিল ১ হাজার ২১৬ কোটি টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে মুনাফা কমলেও সদ্য শেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের আগের চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। গতকাল ওয়ালটনের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ হিসাববছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে প্রতি শেয়ারের বিপরীতে একজন সাধারণ শেয়ারহোল্ডার ৩০ টাকা করে লভ্যাংশ হিসেবে পাবেন। তবে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হলেও উদ্যোক্তা-পরিচালকরা কম লভ্যাংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, উদ্যোক্তা-পরিচালকরা সদ্য সমাপ্ত হিসাববছরের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।

প্রসঙ্গত, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের ৯৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে।

গতকালের সভা শেষে কোম্পানিটি জানিয়েছে, ২০২২-২৩ হিসাববছরে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরে ছিল ৪০ টাকা ১৬ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১১১ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরে ছিল ঋণাত্মক ৭ টাকা ৯১ পয়সা। ২০২৩ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৩ টাকা ৭৩ পয়সা। আগামী ২৯ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর।