ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মো. মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি কর্পোরেশনের ব্যর্থতা ও সফলতা বিচারের ভার জনগণের হাতে। জনগণ দেখছে আমার সক্রিয় অবস্থানে আছি। কোথাও অবহেলা পেলে অভিযোগ করুন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। আমরা বসে নেই।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠন ওয়েস আয়োজিত টেকসই নগর ও জনপদের জন্য সবুজায়ন শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন।
মেয়র আতিকুল বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি। জনগণকে সম্পৃক্ত করতে, সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় যাচ্ছি। মাইকিং করে সচেতন করা হচ্ছে৷ শিশুদের মধ্যে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। ডিএনসিসি'র ওয়েবসাইটে, সবার ঢাকা অ্যাপসে ও ফেসবুক পেজে এলাকাভিত্তিক মশক কর্মীদের তালিকা দেওয়া আছে। সবাই সরাসরি মশক কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবেন।'
আলোচনা সভায় মেয়র শহরের পরিবেশ রক্ষায় প্রতিটি বাড়িতে অন্তত ২টি করে গাছ লাগানো আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র বলেন, 'ঢাকা শহরকে অক্সিজেন হাবে পরিণত করতে হবে। পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবেশের ক্ষতি করায় আজ পরিবেশ তার প্রতিশোধ নিচ্ছে। কোথাও কোন গাছ কাটতে দেয়া যাবে না। বিশেষ করে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। যেখানেই সুযোগ আছে গাছ লাগাতে হবে।'
তিনি আরও বলেন, 'আমরা ডিএনসিসি থেকে ছাদবাগানের জন্য ১০% কর ছাড়ের আবেদন করেছিলাম। আমাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সারা দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় ছাদ বাগান করলে ১০% কর ছাড়ের অনুমোদন দিয়েছে। ডিএনসিসিতে শিশুদের জন্ম নিবন্ধনের সময় একটি করে চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ ও অধ্যাপক আদিল মোহাম্মদ খান, ডিএনসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত চীফ হিট অফিসার বুশরা আফরিন, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম প্রমুখ।