সালিসে ছুরিকাঘাতে সালিসদার নিহত, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য বসা সালিসে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন সালিসদার নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ছাগলনাইয়া থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

নিহতের নাম আবদুল রউফ (৬৫)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়ার গন্ধব্যপুর গ্রামের মৃত মফিজুর রহমান ভূঞার দুই ছেলে মো. মামুন ভূঞা (৪৫) ও তার ভাই মো. মিজানুর রহমান ভূঞা ওরফে স্বপন ভূঞার (৪৮) মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতে এ বিরোধ মীমাংসার জন্য তাদের বাড়ির উঠানে সালিস বসে। ওই সালিসে গ্রামের সাবেক ইউপি সদস্য মুছা মিয়া, মো. ইউনুছ, আবুল মনসুর, মো. মিজান, মো. ইউসুফ, মহিউদ্দিন ও নিহত রউফসহ স্থানীয় ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন।

সালিসের এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মোকসেদুর ও মিজানুরের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় বিদ্যুৎ চলে যায়। একপর্যায়ে ওই অন্ধকারের মধ্যেই মোকসেদুর, তার ছেলে আরমান হোসেন ভূঞা (১৮) ও আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে সালিসে থাকা প্রতিবেশী আবদুর রউফের (৬৫) ওপর হামলা চালান। তখন স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জমি নিয়ে এ বিরোধে আগেও একাধিকবার দুপক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, হামলায় একজন সালিসদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোখসেদুর, তার স্ত্রী ও আবুল মনসুর নামে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।