মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট। তবে কবে সেই ভোট হবে তা এখনো জানা যায়নি।
বিবিসি বলছে, নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা মোহাম্মদ মুইজু সরকারদলীয় প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহর চেয়ে এগিয়ে রয়েছেন। ভোট গণনার পর দেখা গেছে, ৪৫ বছরের মুইজু প্রদত্ত ভোটের ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে সলিহ পেয়েছেন ৩৯ দশমিক ৭১ শতাংশ ভোট।
বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবারের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন। তিনি সহ-প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপদেশ। ২০০৮ সালে বহুদলীয় ব্যবস্থা শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।