সরকারি-বেসরকারি তথ্যে ২৭ লাখ টনের গরমিল

দেশে এখন আলুর কেজি ৫০ টাকা। অথচ এক বছর আগেও এ সময়টাতে আলু ২০-২২ টাকা ছিল। উৎপাদন উদ্বৃত্তের দেশে হঠাৎ করে কেন আলুর দাম দ্বিগুণের বেশি হলো, তা নিয়ে সব মহলেই আলোচনা। তবে দাম বাড়ার কারণ হিসেবে দেশের হিমাগারগুলোর সংগঠন জানিয়েছে, চলতি বছর দেশে আলুর উৎপাদন কমে গেছে। সরকারি সংস্থা যে তথ্য দেয়, তার চেয়ে অন্তত ২৭ লাখ টন কম আলু উৎপাদন হয়েছে। দাম বাড়ার এটিই প্রধান কারণ।

গতকাল রবিবার বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ৮৫ লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপন্ন হয়নি। অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে আলুর উৎপাদন হয়েছে ১ কোটি ১২ লাখ টন। উৎপাদনের হিসাবে ২৭ লাখ টনের গরমিল। উৎপাদন কম হওয়ায় সারা দেশের ৩৮০টি কোল্ড স্টোরেজে ২০ শতাংশ জায়গা খালি পড়ে আছে। গতকাল সংগঠনের কার্যালয়ে আলুর বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে আলুর চাহিদা ৯০ লাখ টন। তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর ২২ লাখ টন আলু উদ্বৃত্ত থাকার কথা। তাহলে এত আলু কোথায় গেল? আলু যদি বেশি উৎপন্ন হয়ে থাকে তাহলে আমাদের ক্যাপাসিটি আনুমানিক ২০% কেন অব্যবহৃত অবস্থায় রয়েছে?’

তিনি বলেন, ২০২৩ সালের ২০ মের পর থেকে যখন আলু খালাস হওয়া শুরু হয়, তখন হিমাগার শেডে কাঁচা আলুর মূল্য ছিল প্রতি কেজি ২৬-২৭ টাকা; যা আজ হিমাগার শেষে ৩৪-৩৬ টাকা বিক্রি হচ্ছে। এ সময়ে মূল্য বৃদ্ধি পেয়েছে কেজিতে ১০ টাকা, যা কাক্সিক্ষত নয়।

মোস্তফা আজাদ চৌধুরী বলেন, যারা আলু সংরক্ষণ করেছে, তারা মনে করছে আলুর মজুদ কম রয়েছে। সে জন্য তারা আলুর দাম বেড়েই চলেছে। গতকাল শনিবার পর্যন্ত হিমাগারগুলোর প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলু গত বছরের তুলনায় কম সংরক্ষিত রয়েছে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২৩ লাখ ১২ হাজার টন আলু বিভিন্ন হিমাগারে সংরক্ষিত রয়েছে, যেখানে ২০২২ সালের এ সময়ে ছিল ২৪ লাখ ১৯ হাজার ৭৬০ টন। ফলে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ২৩৪ টন আলু কম সংরক্ষিত হয়েছে। কৃষি বিপণন অদিধপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২৪ লাখ ৯২ হাজার টন আলু হিমাগারগুলোতে সংরক্ষিত রয়েছে এবং ২০২২ সালে ২৭ লাখ ৮ হাজার ৫৯৫ টন আলু বিভিন্ন হিমাগারে সংরক্ষিত ছিল। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২ লাখ ১৬ হাজার ৫১৩ টন আলু বিভিন্ন হিমাগারে কম সংরক্ষিত হয়েছে।