চীনা কারখানা মেসার্স কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেড ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করে।
বেপজার সদস্য (অর্থ) মিসেস নাফিসা বানু এবং কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়ানলি জুয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ৬০ লাখ পিস বিভিন্ন ওভেন ও নিট পোশাক যেমনÑ শার্ট, টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট, শর্টস প্রভৃতি উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৫৯৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।