নীলফামারীতে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

নীলফামারী জেলায় পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সূত্র জানায়, তিস্তা নদীতে ভাসমান এক অজ্ঞাত তরুণ ও সৈয়দপুরে রেললাইনের ধারে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।

গত রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার তিস্তা নদীতে অর্ধগলিত অজ্ঞাত(৩৫) এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। ডিমলা থানার ওসি লাইছুর রহমান জানান, তিস্তা নদীতে লাশটি ভেসে আসে। নিহতের পরনে শুধু গামছা ছিল। তিনি জানান, সোমবার জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হলেও লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাশটি ভারত থেকে নদীতে ভেসে আসে।

অপর দিকে জিআরপি পুলিশ জানায়, একইদিন (রবিবার) বিকেলে সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া হাতিখানা রেলঘুন্টির ২০০ গজ দূরে প্রথমে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, মৃত ব্যক্তি রবিউল ইসলাম(৬০)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জের মৃত মনির উদ্দিনের ছেলে। বৃদ্ধ মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বানিয়াপাড়া এলাকায় রেললাইনের ধারে হাঁটাহাঁটি সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।