বুটেক্স ক্যারিয়ার ক্লাব

টেক্সটাইল সেক্টরের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত ২০১০ সালের আগের সময়টায় প্রায় সবাই ফ্যাক্টরি লেভেলে চাকরি নিতেন। সে লেভেল থেকে বেরিয়ে এসে ২০১৫ সালের দিকে বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে মার্চেন্ডাইজিং, বাইং হাউজসহ বিভিন্ন সেক্টরে চাকরি নেওয়ার প্রবণতা দেখা দেয়। কিন্তু বহুজাতিক কোম্পানির সঙ্গে ইন্টার কানেকশন না থাকা, সফট স্কিলের ঘাটতি, ফ্রেশারদের প্রফেশনালিজমে ঘাটতি, দৃষ্টিভঙ্গি বদলাতে না পারার মতো বিভিন্ন সমস্যা সামনে এসে দাঁড়ায়।

এর পরিপ্রেক্ষিতেই পড়ালেখার পাশাপাশি স্কিল উন্নয়নে কিছু করার কথা ভাবেন ৩৮ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। সে ভাবনাকে বাস্তবে রূপ দিতেই ‘Incubating & Connecting The Leader’ স্লোগানকে সঙ্গে নিয়ে ২০১৬ সালের ১৯ মার্চ ১৭ জনের মাধ্যমে যাত্রা শুরু করে ‘বুটেক্স ক্যারিয়ার ক্লাব’, যা এখন প্রায় ২০০ জন সদস্যের ক্লাবে যাত্রা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী হিসেবে গড়ে তোলাসহ ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা ক্লাবটি শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত (যেমন সেলফ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট সেশন, সফট স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, জব ফেয়ার, সিভি সংগ্রহ, সার্কুলার চাকরিপ্রত্যাশীদের কাছে পৌঁছে দেওয়া, স্কলারশিপে বিদেশে পড়াশোনা করতে সহায়ক ভূমিকা রাখাসহ বিভিন্ন কাজ করছে।

চলতি মাসে All Over Printing, Design Development শিরোনামে অনলাইন ওয়েবিনার, জুনে Hop Lun Production Management Trainee Campaign, BYLC Career Expo উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী অফলাইন ক্যাম্পেইন, ক্যারিয়ার এক্সপোতে ১০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ, এপ্রিলে জার্মানিতে হায়ার স্টাডি এবং বহুজাতিক কোম্পানিতে জব সম্পর্কিত সেমিনার, ২০২২ সালে ২টি হায়ার স্টাডি সেমিনার, ২০২২ সালের জুনের শেষে প্রফেশনাল সিভি তৈরি ও ইন্ডাস্ট্রি সিভি সম্পর্কিত  সেমিনার, ২০২২ সালের ফেব্রুয়ারির শেষে ‘ক্যাম্পাস টু করপোরেট’ সেমিনার, ২০১৯ সালে জব ফেয়ার, টেক্সটাইল এপারেল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনারসহ ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে ক্লাবটি।

ক্লাবের সদস্য হতে আগ্রহীরা সদস্য ফরম পূরণ করে জমা দেওয়ার পর ভাইভার মাধ্যমে যাচাই-বাছাই উপায়ে যোগ্য শিক্ষার্থীদের ক্লাবের সদস্য করা হয়।

প্রতিনিয়ত বিভিন্ন সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ এবং জব ফেয়ার আয়োজনসহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে সফল ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করে যাচ্ছে বলে ক্লাবটি গড়ে  তোলার উদ্দেশ্য অনেকটাই বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন বর্তমান সভাপতি তানভির আহামেদ ফাহাদ। তিনি বলেন, ‘বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সফট স্কিল সম্পূর্ণ মানুষের প্রয়োজন, যে স্কিলগুলো অ্যাকাডেমিক ক্লাসে শেখানো হয় না। সেসব স্কিল উন্নয়নে ক্লাবটি কাজ করে যাচ্ছে। ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের যে গ্যাপ রয়েছে সেগুলো পূরণেরই চেষ্টা করছে ক্যারিয়ার ক্লাব।’

বর্তমান সাধারণ সম্পাদক আহনাফ আবিদ বলেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত সব দিকনির্দেশনার পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কাজ করছে ক্লাবটি।’ ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুস সালাম বলেন, ‘টেক্সটাইল সেক্টরে টিকে থাকতে শিক্ষার্র্থীর প্রফেশনালিজম জরুরি, শিক্ষার্থীদের ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়া উচিত, এতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। স্নাতক পর্যায় থেকেই প্রফেশনালিজম চর্চার সুযোগ তৈরি করেছে ক্লাবটি।’