দেশের পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের জন্য বিনিয়োগ সীমা পুনরায় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই প্ল্যাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হতে অন্তত ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বরে কোয়ালিফাইড ইনভেস্টরদের পুঁজিবাজারে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই বিনিয়োগ সীমা কমানোর জন্য হাইকোর্টে রিট করা হয়। কিন্তু রিট খারিজ করে ৩০ লাখ টাকার নির্দেশনাকে বৈধতা দিয়েছে হাইকোর্ট। ফলে এখন থেকে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের লেনদেনযোগ্য হতে ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকার কথা জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
এসএমইতে লেনদেনের যোগ্য করতে বিনিয়োগকারীদের ৩০ লাখ টাকা বিনিয়োগের ভিত্তিতে প্রতি প্রান্তিকে স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে রেজিস্ট্রেশন করা হয়।
এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে এসইসি।