মাইক্রোবাস উল্টে চোরের হাত থেকে পালাল গরু

সাম্প্রতিক বন্যায় ভেঙে গেছে রাস্তাঘাট। আর সেই ভাঙা রাস্তার ওপর দিয়ে গরু চুরি করে নেওয়ার পথে উল্টে গেছে চোর চক্রের মাইক্রোবাস। এভাবেই চোরের হাত ফসকে পালিয়ে যায় চুরি করে আনা তিনটি গরু।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মোজাহের পাড়া গ্রামের এক কৃষকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গরুগুলো।

এদিকে এ গরু উদ্ধার করে দেওয়ায় প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ার মসজিদ কাদের সওদাগর বাড়ির এলাকায় গত সোমবার (১১ সেপ্টেম্বর ) রাতে তিনটি গরু চুরি যায়। আমির হোসেন সওদাগর ও জালাল উদ্দীন নামে দুজনের গোয়ালঘর থেকে রাতের কোনো একসময়ে গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর খবর আসে গরুগুলো সাতবাড়িয়া ইউনিয়নে কৃষক শাহাবুদ্দিনের বাড়িতে রয়েছে। ভগবান চৌধুরী হাট সংলগ্ন ব্রিজের পাশে ভাঙা রাস্তায় চোরদের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়লে গরুগুলো পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গরুর মালিক গরুগুলো শনাক্ত করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধির উপস্থিতিতে গরুগুলো তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। চোরদের ধরতে পুলিশ কাজ করছে।