চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। এর আগে গত ৭ সেপ্টেম্বর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৩৮ জন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মারা গেছে ৬২ জন। এর মধ্যে ২৩ জনই শিশু। চলতি বছর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে।