উত্তর আমেরিকার উৎসবে সাঁতাও পেটকাটা ষ

উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হচ্ছে তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৮তম আসর। গতকাল থেকে শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি ছবি। খন্দকার সুমনের ‘সাঁতাও’ এবং নুহাশ হুমায়ূনের ‘পেটকাটা ষ’ প্রদর্শিত হবে এতে। উৎসব পরিচালক রীতা মেহের বলেন, ‘এ বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সে জন্য বিশাল সংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। বাংলাদেশের চলচ্চিত্র দুটি এর মধ্য থেকে মনোনীত হতে পারায় আমি অভিনন্দন জানাই।’  ‘সাঁতাও’ নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘২০১৬ সালে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’ তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। সাত বছর পর উৎসবটির ১৮তম আসরে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ মনোনীত হয়েছে। বিষয়টি আমার জন্য বিশেষ আনন্দের। একই সাথে আরেকটি আনন্দের সংবাদ জানাই, আগামী ১৩ অক্টোবর বায়স্কোপে ‘সাঁতাও’-এর ওটিটি প্রিমিয়ার হতে যাচ্ছে।’