রাষ্ট্রীয় সফরে বুলেটপ্রুফ টেনে চেপে রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রিমরকি অঞ্চলের খাসান ট্রেন স্টেশনে পৌঁছায় কিমকে বহনকারী ট্রেনটি। শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। তবে কোথায় এ বৈঠক হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোমে যাওয়ার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সেখানে মুখোমুখি সাক্ষাৎ হতে পারে দেশটিতে সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে।
গতকাল রাশিয়ায় শুরু হওয়া একটি অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেন, ‘ভোস্টোচনিতে একটি অনুষ্ঠান আছে, সেখানে গেলেই আপনারা জানতে পারবেন।’ রাশিয়া ও অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে একটি সামরিক ট্রেনে রুশ ভূখণ্ডে প্রবেশ করেন কিম জং উন। কিন্তু তার অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মস্কো।
ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিম-পুতিনের সাক্ষাৎ হতে যাচ্ছে। তাদের বৈঠকে কোনো চুক্তি যেন না হয়, এ ব্যাপারে পিয়ংইয়ংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, কিম পুতিনকে অস্ত্র দেওয়ার কোনো প্রতিশ্রুতি বা আশ্বস্ত করলে পিয়ংইয়ংকে পরিণতি ভোগ করতে হবে। সামরিক সূত্রের বরাতে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেন যুদ্ধে হামলা জোরদার করতে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে মস্কো।