ক্যামেরুনের মাধ্যমে আফ্রিকায় ব্যবসা বাড়াবে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ক্যামেরুনকে হাব হিসেবে ব্যবহার করে আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণ করবে বাংলাদেশ। ক্যামেরুনে যেহেতু কৃষি প্রধান বাণিজ্য, তাই তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কৃষিতে আগ্রহী বাংলাদেশ। তাতে খাদ্য নিরাপত্তায় সে দেশের সঙ্গে বাংলাদেশও উপকৃত হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত কমনওয়েলথ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ক্যামেরুন অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সম্মেলনে ক্যামেরুন থেকেই সবচেয়ে বড় ডেলিগেট এসেছেন। আমাদের কূটনৈতিক নীতিতে লুক আফ্রিকা নামে একটি পদক্ষেপ রেখেছি। এর মাধ্যমে সুদান, নাইজেরিয়া, ইথিওপিয়াতে নতুন করে দূতাবাস খোলা হয়েছে। ক্যামেরুনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্যামেরুনের পররাষ্ট্রমন্ত্রী প্যানেল আলোচনায় বলেছেন, বাংলাদেশ এলডিসি উত্তীর্ণ দেশগুলোর চেয়ে ভালো অর্থনৈতিক অবস্থায় রয়েছে।

দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, ক্যামেরুনের সঙ্গে আমাদের বাণিজ্য আছে। তবে আমরা তাদের কাছ থেকে আমদানি করি বেশি। আমরা সেখানে রপ্তানি বাড়াতে চাই, আমাদের আমদানি ১৬ কোটি ডলারের মতো।