লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক চাপায় ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
শনিবার(১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। নিহত সাংবাদিক লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষ করে মোটরসাইকেলে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। পথে বুড়িমারী থেকে আসা পণ্যাবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ঘটনাস্থলের সড়ক অবরোধ করে রেখেছে নিহতের সহকর্মী অন্যান্য সাংবাদিকরা। এতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।