দেড় বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। গতকাল রবিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, প্রতিটি যুদ্ধ শুরুর সময়ে যে প্রত্যাশা থাকে তার চেয়ে বেশি সময় ধরে চলে। তাই ইউক্রেনে আমাদের আরও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পাল্টা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত।
সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, আমরা সবাই দ্রুত শান্তি কামনা করছি। তবে একই সময়ে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, যদি প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনীয়রা যুদ্ধ করা বন্ধ করে দেয়, তবে তাদের দেশ আর থাকবে না। তিনি বলেন, যদি প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া তাদের অস্ত্র ফেলে দেয়, তাহলে আমরা শান্তি অর্জন করতে পারব।