বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের উন্নয়ন, এসব তাদের মস্তিষ্কে আসে না। যে নামগুলো এ দেশের মানুষের কাছে অপরিচিত ছিল, সেই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উন্নয়ন দেখে না, তারা উন্নয়ন করতে পারে না। যাদের চোখে উন্নয়ন নেই, যারা স্বপ্ন দেখতে পারে না, তারা কখনো সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘যারা (বিএনপি) এখন সমালোচনা করছে তারা মেট্রোরেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি। সুতরাং তারা উন্নয়ন চোখে দেখতে পাবে না। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না। মাতারবাড়ী (গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সুতরাং তাদের চোখে কোনো দিনও উন্নয়নের দেখা মিলবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে উন্নয়ন দেখতে হবে।’
তিনি বলেন, ‘২০০৮ সালে চারদলীয় জোটের অপকর্ম, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের রায় দিয়েছিল। একসময় তারা বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আজ তারা কান্দে। এখন ভাবে, ১০০ বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না।’
মেয়র তাপস আরও বলেন, ‘বিএনপির নেতৃত্ব খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে। ২০১৮ সালের নির্বাচনে তারা এসেছিল। তখন আর নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলেনি। তখন আর খালেদা জিয়ার মুক্তির কথা বলেনি। এখনো বলে না। খালেদা জিয়াকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর খালেদা জিয়ার দরকার নেই। তারা (বিএনপি) এখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে। কিন্তু একসময় তারাই নির্দলীয় নিরপেক্ষ সরকার মানেনি। তারা একেক সময় একেক কথা বলে। তারা এখন বলে, আমরা নাকি পাঁচটি আসনও পাব না। অথচ ২০১৮ সালের নির্বাচনে তারা সর্বসাকল্যে আটটি আসন পেয়েছিল। ১০টি আসনও জোটেনি। সুতরাং এসব কথা বলে বাঙালিকে আর বিভ্রান্ত করা যাবে না।’
ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ‘ভরাডুবির আশঙ্কায় বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে আসতে চায় না। এবার তারা যদি নির্বাচনে না আসে, তার মানে হলো, তারা বুঝে গেছে যে, নির্বাচনে এলে তারা শূন্যটা আসন পাবে। সেজন্য নির্বাচনে আসতে চায় না।’
ডিএসসিসির উন্নয়ন মেলায় তিনি বলেন, ২ নম্বর ওয়ার্ডে গত তিন বছরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গোড়ান খেলার মাঠের আধুনিকায়ন করেছি। ওয়ার্ডে এসটিএস, রাস্তাঘাটসহ নানাবিধ উন্নয়ন করেছি।
ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবের সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মকছুদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো প্রমুখ।