শস্য নিয়ে কূটনৈতিক বিরোধের জেরে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর প্রথম দিন থেকেই কিয়েভকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসতে দেখা গেছে পোল্যান্ডকে। এমনকি তারা ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে ওঠে। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিবিসি জানায়, ইউক্রেনীয় শস্য আমদানি ঘিরে কূটনৈতিক বিরোধের কারণে পোল্যান্ড ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, ‘কিয়েভকে অস্ত্র দেওয়ার পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে নিজেকে সজ্জিত করার দিকে মনোনিবেশ করবে তার দেশ।’ মূলত শস্য আমদানি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হলো। সম্প্রতি নিজেদের কৃষকদের স্বার্থ রক্ষায় ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। গত মঙ্গলবার জাতিসংঘে দাঁড়িয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, কিছু দেশ তাদের সঙ্গে ‘প্রতারণা’ করেছে। জেলেনস্কির ওই মন্তব্যের জবাবে গত বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ ঘোষণা করেন।