ভোটে হস্তক্ষেপ নয়, সহায়তা দিতে প্রস্তুত : হাস

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয় বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, ‘জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে সেজন্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সহায়তা দিতে প্রস্তুত।’

গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে পিটার হাস এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে জানিয়ে পিটার হাস বলেন, এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার বলেও জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন। জাতিসংঘের সাধারণ পরিষদ পদক্ষেপের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ভয় ও সহিংসতামুক্ত, আরও শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।’

পিটার হাস এ অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভারত মহাসাগরীয় (ইন্দোপ্যাসিফিক) কৌশলের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক কৌশলের পাঁচটি স্তম্ভের মাধ্যমে কীভাবে আমরা একসঙ্গে এ অঞ্চলে ন্যায়সংগত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি, তার বিস্তারিত তুলে ধরতে চাই।’ তিনি বলেন, ‘আমরা একসঙ্গে ভাগাভাগি করা চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে গত মে মাসে নতুন করে ভিসানীতি ঘোষণা করে। যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের বাধা হয়ে দাঁড়ালে ভিসা নিষেধাজ্ঞার হুমকি রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা। এমনকি নিজেদের পছন্দের সরকার গঠন করে যুক্তরাষ্ট্র অন্য দেশকে আক্রমণ করতে চায় বলে সমালোচনা হয়েছে। চীন ও রাশিয়া সরকারের ওপর যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও বক্তব্য দিয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং সমন্বয়কারী, সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ড. আবদুল ওহাব।