ডিএমপি মুখপাত্র বললেন

কিছু সদস্যের বিরুদ্ধে প্রয়োগ শুরু করেছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করতে শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. ফারুক হোসেন। গতকাল রবিবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। তবে তালিকা পাননি বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমকে পাঠানো ভিডিও বার্তায় ফারুক হোসেন বলেন, ‘মার্কিন ভিসানীতি নিয়ে আমরা যে সংবাদ দেখেছি, তারা বাংলাদেশে ভিসানীতি কার্যক্রম শুরু করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের ওপর তারা ভিসানীতি প্রয়োগ করেছে, তার তালিকা এখনো আমরা পাইনি। সেখানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থাকতে পারেন বা অন্য বাহিনীর সদস্য থাকতে পারেন। এ ছাড়া বর্তমানে দায়িত্বরত পুলিশ সদস্য বা অন্য বাহিনীর সদস্যরাও থাকতে পারেন।’

মার্কিন ভিসানীতিতে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন। তিনি বলেন, ‘পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, তাদের কাজের ওপরে কোনো প্রভাব পড়বে না। আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। এর আগেও করেছে এবং ভবিষ্যতেও করতে থাকবে। সুতরাং এই ভিসানীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যাদের বিরুদ্ধে ভিসানীতি আসবে, তারা হয়তো আমেরিকা যেতে পারবেন না। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশ পুলিশের দুই লাখেরও বেশি সদস্য রয়েছেন। এই পুলিশ সদস্যদের মধ্য থেকে কতজন আমেরিকা যাচ্ছেন? খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা তাদের ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন।’

সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এ বিষয়ে জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী যে নির্বাচন আসবে, নির্বাচনে পুলিশের যেই দায়িত্ব থাকবে, কেন্দ্রের নিরাপত্তা দেওয়া, সেই নিরাপত্তা দেওয়ার কাজে আমাদের সঙ্গে আরও অন্য বাহিনীও কাজ করে। আমাদের ওপর আইনত যে দায়িত্ব থাকবে, নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্ব আমরা পালন করব। সে ক্ষেত্রে আমরা মনে করি না, ভিসানীতি আমাদের কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।’