যমুনা এডিবল পরিচালনায় বাড়বে এমারাল্ডের মুনাফা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও মিনোরি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যমুনা এডিবল অয়েল কোম্পানি লিমিটেডের একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তির ফলে যমুনা এডিবল অয়েলে চলতি মূলধনের জোগান দেবে মিনোরি বাংলাদেশ। আর যমুনা এডিবল অয়েলের পরিচালনায় থাকবে এমারাল্ড অয়েল। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সম্পন্ন হয়। এতে বছরে গড়ে ৯০০ কোটি টাকার বেশি বিক্রি বাড়বে এমারাল্ড অয়েলের।

এমারাল্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন, মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা মিয়া মামুন এবং যমুনা এডিবল অয়েলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান।

এ সময় এমারাল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘এ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ফলে আমাদের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ফলে আমরা যমুনা এডিবল অয়েল মিলে প্রতিদিন ৬০০ টন ব্রান (কুঁড়া) ক্রাসিং করতে পারব। এর ফলে বছরে আমাদের টার্নওভার প্রায় হাজার কোটি টাকায় পৌঁছাবে। এতে এমারাল্ড বছরে ৩০ কোটি টাকার বেশি মুনাফা করতে পারবে বলে আশা করছি।’

মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বলেন, ‘আমরা যৌথভাবে যমুনা এডিবল অয়েল কোম্পানির সঙ্গে কাজ করব। এতে মিনোরি প্রয়োজনীয় অর্থের জোগান দেবে। আর পরিচালনায় থাকবে এমারাল্ড অয়েল। ফলে তিনটি কোম্পানিই মুনাফা করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে ধানের কুঁড়া সহজলভ্য হওয়ায় আমরা কৃষকের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারব। এতে রাইস ব্রান অয়েলে ফ্রি-ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি কম থাকবে। ফলে জাপানে তেল রপ্তানি সহজ হবে।’

অনুষ্ঠানে নিজের অবস্থান পরিষ্কার করে যমুনা এডিবল অয়েলের কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান বলেন, ‘ফ্যাক্টরি চলমান রয়েছে। আমাদের উন্নত প্রযুক্তির অভাব রয়েছে। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে পারলে আমরা উন্নত প্রযুক্তি পাব। ফলে আমরা আরও লাভবান হতে পারব।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমারাল্ড অয়েলের কোম্পানি সচিব মো. এমরান হোসাইন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম, ফু-ওয়াং ফুডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক মো. সিদরাতুল মাহবুব, কোম্পানি সচিব শরীফ মাহমুদ প্রমুখ।

ঋণখেলাপির কারণে ২০১৬ সালে বন্ধ হয়ে যায় এমারাল্ড অয়েল। এরপর ২০২১ সালে জাপানি প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের নতুন বিনিয়োগ ও ব্যবস্থাপনায় আবার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এমারাল্ড অয়েল। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হওয়ার পর ‘জেড’ ক্যাটাগরি থেকে বেরিয়ে এসেছে কোম্পানিটি। এখন যমুনা এডিবল অয়েলে চলতি মূলধন জোগান ও পরিচালনার দায়িত্ব নেওয়ার মাধ্যমে এমারাল্ডের মুনাফা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মিনোরি।