শুনেছি আমি ভিসা নিষেধাজ্ঞায় পড়েছি : রাঙ্গা

জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দাবি করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন বলে জেনেছেন। গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানান তিনি। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণে বাংলাদেশি রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে কারা এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, তা নিয়ম অনুযায়ী প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে রাঙ্গা দাবি করে বলেন, ‘আমি শুনেছি আমি ভিসা নিষেধাজ্ঞা পেয়েছি। তবে আমার পাঁচ বছর আগে থেকে দশ বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা আছে। তার মানে আরও পাঁচ বছর বাকি আছে। আমি যুক্তরাষ্ট্র যাওয়ার কোনো চেষ্টাও করিনি। আমার হাতে এ সংক্রান্ত কোনো (ভিসা নিষেধাজ্ঞা) কাগজ আসেনি। ওখানে আমার কেউ নেই, ছেলেমেয়ে নেই। কিছু বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আছে। আমি তাদের কাছে যাই, সেখানে গেলে ডলার খরচ করে আসি।’ তিনি আরও বলেন, ‘আর ওখানে যেতে হবে কেন, পৃথিবীতে আরও অনেক দেশ আছে। আমার কোনো ছেলেমেয়ে সেখানে পড়ে না, আমার ভাইবোনরাও পড়ে না। রক্তের সম্পর্কের কেউ পড়ে না। তারা তাদের নিয়ম অনুযায়াী ভিসা দেবে অথবা দেবে না। আমি জেনেছি তারা আমার ভিসা বাতিল করেছে। তবে আমি তাদের ভিসার জন্য আবেদন করিনি। আপনি লিখে দেবেন, এতে আমি নট আন হ্যাপি, মশিউর রহমান রাঙ্গা ইজ নট আনহ্যাপি।’

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি। ওই ঘোষণার প্রায় চার মাস পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ শুরুর ঘোষণা দেয়।